দুদকের মামলায় সাবেক এমপি ছলিম উদ্দীন ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে এবং তদন্ত কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তারের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

Related posts

দক্ষিণ আফ্রিকায় ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক, একের পর এক নারীর মরদেহ উদ্ধার

আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন স্থগিত

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন