নেপালে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারকে সতর্ক থাকতে হবে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। অব্যাহত বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধসের পাশাপাশি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

দূতাবাস জানায়, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণের আগে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, এসব এলাকায় সড়ক যোগাযোগ যেকোনো সময় পরিস্থিতির কারণে বিঘ্নিত হতে পারে।

এ কারণে অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

Related posts

দক্ষিণ আফ্রিকায় ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক, একের পর এক নারীর মরদেহ উদ্ধার

আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন স্থগিত

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন