আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন স্থগিত

আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম পরিবহন ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পারমাণবিক জ্বালানির এই চালান বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট পারমিশন না পাওয়ায় নির্ধারিত সময়ে তা আসেনি।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মুঠোফোনে এএনআইকে জানান, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। তবে কী কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি, তা এখনো জানা যায়নি।

মন্ত্রী জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন তারিখে চালানটি পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এএনআইকে বলেন, বিমানবন্দরে চালান গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি জানান। ফলে চালানের সময়সূচি পুনর্নির্ধারণের প্রয়োজন হয়েছে।

তবে কোন দেশ আকাশসীমা ব্যবহারে বাধা দিয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

চালানের অনুমতি না পাওয়ায় রাশিয়া এখন বিকল্প রুটে পারমাণবিক জ্বালানি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে জানতে রোসাটমের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলেও এএনআই কোনো প্রতিক্রিয়া পায়নি।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে দুটি তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রোসাটমের নভোসিবির্স্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে তৈরি প্রথম ইউনিটের জন্য ১৬৪টি ফ্রেশ ফুয়েল অ্যাসেম্বলি সমন্বিত লো-এনরিচড ইউরেনিয়াম সরাসরি কার্গো বিমানে করে ঢাকায় আনা হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সুরক্ষিত গ্রিন করিডোর দিয়ে তা পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সূত্র: এএনআই

Related posts

মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিনের সম্মানি নির্ধারণ, জারি নতুন নীতিমালা

বেলুচিস্তানে ৯৬ ঘণ্টায় ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা