মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।

মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ ছিলেন ড. সিতি হাসমাহ। দেশটির ইতিহাসের শুরুর দিকের মালয় নারী চিকিৎসকদের মধ্যে তিনি অন্যতম। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন তিনি।

বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। মাহাথিরের দুই দফা প্রধানমন্ত্রিত্বের সময় তিনি দেশটির ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি পান। সে সময় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

গত বছরের মে মাসে কুয়ালালামপুরের একটি ক্যাফেতে নারীদের সঙ্গে আড্ডায় সিতি হাসমাহ। ছবি: এএফপি

সিতি হাসমাহর মৃত্যুতে মালয়েশিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ কর্মজীবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে তার অবদান স্মরণ করা হচ্ছে।

Related posts

মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিনের সম্মানি নির্ধারণ, জারি নতুন নীতিমালা

বেলুচিস্তানে ৯৬ ঘণ্টায় ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা