প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী, পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি।

পরে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য বাদী বিদিশার সঙ্গে যোগাযোগ করলে তাকে হুমকি দেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতেই পরে প্রতারণার মামলা করা হয়। মামলাটিতে আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান