মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার কাছাকাছি নুওয়েবা অভিমুখী সড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ২৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আহতদের চিকিৎসায় সহায়তার জন্য চিকিৎসকদের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আনাদোলু এজেন্সি