এশিয়ান গেমসের আবাসন নিয়ে শীর্ষ ক্রিকেট দলগুলোর উদ্বেগ

আগামী মাসে জাপানে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। প্রতিযোগিতা শুরুর আগেই গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ভেন্যু ও আবাসনব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ার শীর্ষ ক্রিকেট দলগুলো।

ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে দলগুলোর আবাসন নিয়ে। অংশগ্রহণকারী দলগুলোর সামনে আপাতত তিনটি বিকল্প রয়েছে—কোনো শহরে অবস্থান করে বুলেট ট্রেনে ভেন্যুতে যাতায়াত, ভেন্যুর কাছাকাছি নোঙর করা জাহাজে থাকা অথবা শামিয়ানা-তাঁবুতে অবস্থান করা।

তবে শীর্ষ দলগুলোর তারকা খেলোয়াড়দের জন্য এসব বিকল্পের কোনোটিই খুব স্বস্তিদায়ক নয় বলে মনে করা হচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় দলগুলো বিষয়টি নিয়ে বেশি উদ্বেগ জানিয়েছে।

এবারের এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ বিভাগে ১০টি এবং নারী বিভাগে ৮টি দল অংশ নেবে।

অস্বাভাবিক আবাসনব্যবস্থার কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসিসির সদস্যদের একটি অংশের ধারণা, অংশগ্রহণকারী দলগুলোর আবাসন নিশ্চিত করতে সংস্থাটি কিছুটা দেরিতে সক্রিয় হয়েছে।

অন্য খেলাগুলোর মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো অনেক আগেই অংশগ্রহণকারী দলগুলোর আবাসন নিয়ে কাজ শুরু করলেও ক্রিকেটের ক্ষেত্রে এখনো বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়নি বলে জানা গেছে।

এশিয়ান গেমসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিকেটের ভেন্যুটি জাপানের নিসিন শহরের একটি স্পোর্টস পার্কে অবস্থিত। এশিয়ান গেমসকে সামনে রেখে সেখানে নতুন ক্রিকেট মাঠ তৈরি করা হয়েছে।

জাপানে এটি দ্বিতীয় এমন ক্রিকেট স্থাপনা, যেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রাকৃতিক ঘাসের পিচ রয়েছে।

এর আগে গত মে মাসে জাপান একটি আইসিসি পাথওয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল। ভেন্যু ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের জন্য এসিসির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জাপানে পাঠানোর কথা রয়েছে। তবে টুর্নামেন্টের এত কাছে এসে পরিদর্শন করায় প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে ক্রিকেটের খেলা, অর্থাৎ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দুই দিন আগেই মাঠে গড়াবে প্রতিযোগিতা।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৯ সেপ্টেম্বর। প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ক্রিকেটে নারী বিভাগের ফাইনাল হবে ২২ সেপ্টেম্বর। আর পুরুষ বিভাগের স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান