মুম্বাই বিমানবন্দরে ৬.৮৫ কেজি স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ৫ বাংলাদেশিসহ ৬

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শনিবার পরিচালিত অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ডিআরআই কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাই বিমানবন্দরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারে জড়িত একটি চক্রের সদস্য।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেটের স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দেন।

এরপর গোয়েন্দারা চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করেন। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআইয়ের দাবি, চক্রটি মুম্বাই বিমানবন্দরকে স্বর্ণ পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক ও মালদ্বীপের মালে থেকে ভারতে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানটির অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।

স্বর্ণ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিআরআই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান