লেস্টারকে বিদায়, শেফিল্ডে স্থায়ী হচ্ছেন হামজা

লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ট্রান্সফার ডেডলাইনের আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়াতে লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে শেফিল্ড ইউনাইটেড। এখন চুক্তি সম্পন্ন করার আগে হামজার মেডিক্যাল পরীক্ষা বাকি রয়েছে।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন তিনি, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তার পারফরম্যান্সে দলটি প্লে-অফ ফাইনালেও ওঠে। তবে ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরা হয়নি শেফিল্ডের।

মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। এরপর দুটি দফায় ধারে বার্টন অ্যালবিয়নে খেলেন তিনি। ২০১৭ সালে লেস্টারের মূল দলে অভিষেক হয় এই মিডফিল্ডারের। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন হামজা।

শেফিল্ড ইউনাইটেডে হামজাকে ফেরানোর পেছনে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একাধিক পজিশনে খেলার সক্ষমতা হামজাকে ক্লাবটির জন্য আরও কার্যকর করে তুলেছে। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি।

ফলে সেরিকির চোটে রক্ষণভাগে তৈরি হওয়া ঘাটতি পূরণের পাশাপাশি মাঝমাঠেও হামজার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান