যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন সপ্তাহের ছুটিতে নাইটলাইফ এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে টেক্সাসের ডালাসে।

সোমবার (২ নভেম্বর) ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে এসব বন্দুক হামলার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ডালাসের ডিপ এলুম নাইটলাইফ এলাকায়। শনিবার রাতে এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে সেখানে পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন।

ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, এসব ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানা যায়নি।

ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এটি একটি বিশাল ঘটনাস্থল। বেশ বড় এলাকা জুড়ে ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে।’ হামলার আগে ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল। এসব ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

এদিকে, আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ডের কাছে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষে শনিবার রাতে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হন। শহরটির মেয়র র‍্যান্ডাল উডফিন এক সংবাদ সম্মেলনে জানান, নিহত ও আহত ব্যক্তিরা ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের অংশ ছিলেন।

বার্মিংহামের পুলিশ প্রধান মাইকেল পিকেট জানান, অধিকাংশ দর্শক স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পর গ্রেমন্ট অ্যাভিনিউতে গোলাগুলি শুরু হয়। পুলিশ মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছের একটি নাইটলাইফ এলাকায় গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিউয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডি’এলিয়া তাঁদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া আরাকানসাস বিশ্ববিদ্যালয়ের কাছে সংঘর্ষের জেরে গোলাগুলিতে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড এবং মিশিগানের ম্যাডিসন হাইটসে স্পিরিট হ্যালোইন স্টোরে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গর্ভবতী নারীসহ দুজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছুটির সময়ে ধারাবাহিক এসব বন্দুক হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

সিডনির রাস্তায় অ্যাসল্ট রাইফেল নিয়ে পুলিশের টহল শুরু