পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউরোপের দেশ লিশটেনস্টাইনে তার বাগদান হতে পারে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিলাওয়ালের কথিত বাগদত্তা লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা। আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে লিশটেনস্টাইনে গিয়েছিলেন। সেখানে ছেলের বিয়ের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলেও এসব প্রতিবেদনে দাবি করা হয়।
চলতি বছরের শেষ নাগাদ বিলাওয়ালের বিয়ে হতে পারে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাগদানের খবরটি সরাসরি নাকচ করেছে পিপিপি।
বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, পিপিপি চেয়ারম্যানের বাগদান বা বিয়ে নিয়ে প্রচারিত খবর ‘ভুল ও ভিত্তিহীন’।
এখন পর্যন্ত বিলাওয়াল ভুট্টো জারদারি কিংবা তার পরিবারের পক্ষ থেকেও বাগদান বা বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনের গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। ২০২২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন চলাকালে এক সাংবাদিক তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।
এরও আগে ২০১৬ সালে ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে বিলাওয়াল বলেছিলেন, তার সম্ভাব্য স্ত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে।
তখন রসিকতা করে তিনি বলেছিলেন, উপযুক্ত পাত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করে তাদের আস্থা অর্জন করতে হবে—যা যেকোনো মেয়ের জন্য বেশ কঠিন একটি কাজ।
সূত্র: জিও টিভি