হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের কয়েকটি এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই তীব্র স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের লকার ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। লকারটি ভেঙে ভেতরে থাকা অর্থ লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বন্যার পানিতে রাসুয়া জেলার ভোটেকোশি নদী দিয়ে লকারটি ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে লকারটি পাওয়া যায়।
লকারটি পাওয়ার পর স্থানীয় কয়েকজন সেটি ভেঙে ভেতরে থাকা অর্থ নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
ধাদিং পুলিশ জানায়, স্থানীয় লোকজন লকারটি ভেঙে অর্থ বের করে নেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২৯ জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা।
আটক ব্যক্তিদের অধিকাংশই গালছি এলাকার মাস্তার গ্রামের বাসিন্দা। কয়েকজনের বাড়ি গালছি এলাকার আদমঘাট ও সিদ্ধালেক এলাকার আদমতারে। অন্যদের আদি বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও বর্তমানে তারা ধাদিংয়ে বসবাস করছিলেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।
উদ্ধার করা অর্থের প্রকৃত উৎস কোথায় এবং লকারটি কোন ব্যাংকের—তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
এদিকে নেপালে বন্যাকে কেন্দ্র করে আরও একটি মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে তারা সোনার কানের দুলের মতো একটি বস্তু খুলে নিচ্ছেন।
পুলিশ ভিডিওটি যাচাই করে অভিযুক্ত দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে বলে জানা গেছে।
এদিকে শনিবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে। নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৯।
সর্বশেষ হিসাবে, নিখোঁজ নেপালির সংখ্যা একদিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪।
তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনো ৫১৭ বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।
দেশটির বিভিন্ন এলাকায় বন্যা আঘাত হানার তিন দিন পর এই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হলো। বন্যাকবলিত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
সূত্র: এনডিটিভি