জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিদেশি নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে প্রায় কঙ্কালে পরিণত হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা ভিডিও ও ছবিতে দুর্ঘটনার ভয়াবহতা দেখা গেছে।

দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় দুই গাড়িতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের বেশির ভাগই একটি ধর্মীয় সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন।

জিম্বাবুয়েতে সড়কের বেহাল অবস্থা, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সাধারণ মানুষ দৈনন্দিন যাতায়াতে ‘কমবি’ নামে পরিচিত মিনিবাস ট্যাক্সির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও রয়েছে।

চলতি বছরের এপ্রিলেও দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন লেগে ১৮ জন নিহত হন। একই মাসে অন্য একটি সড়ক দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের এক নারী ও তার পাঁচ সন্তান নিহত হন।

সূত্র: এনডিটিভি

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান