রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আলোচিত অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটিকে সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে।’ সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে একটি শৃঙ্খলিত, দক্ষ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশিত বাহিনীতে পরিণত করা হবে।’

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান