সরকার কোনো ভুল করলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভুল হলে তা সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। সেই ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে।’
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজ পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাঁর শিক্ষা ও আদর্শকে সামনে রেখে মানবিকতা, ন্যায়বিচার ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘অন্ধকে আলো দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না।’ ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, প্রায় তিন বছর আগে এই কার্যক্রমের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও যুক্ত করা হয়েছে। তারাও সমাজের অংশ এবং তাদেরও সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানুষ গণতন্ত্র ও আইনের শাসনের প্রকৃত সুফল ভোগ করবে এবং ভবিষ্যতে আর কোনোভাবেই ফ্যাসিজম ফিরে আসতে না পারে।
তিনি বলেন, ‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’
আইনমন্ত্রী বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।