পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের নার্সারিতে ১৬টি শিশু ছিল। এর মধ্যে মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ উপজেলা প্রশাসনের বরাতে জানায়, নার্সারিতে থাকা শিশুদের মধ্যে ১৪টি আগুনে পুড়ে মারা যায়। পরে আরও একজন নবজাতকের মৃত্যুর খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নার্সারিতে আগুন লাগার পর ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে শীতলীকরণের কাজ চলছে।
ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং দুর্ঘটনার জন্য কারও অবহেলা বা ত্রুটি ছিল কি না, তা নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ইসলামাবাদের এই পিআইএমএস হাসপাতালেই আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি, জিও নিউজ