জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল, উৎসবমুখর নগরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এ জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক মানুষ। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়া থেকে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জুলুসে যোগ দিতে নগরে আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার অনেকে পায়ে হেঁটে মুরাদপুর ও ষোলশহর এলাকায় পৌঁছান। ভোর থেকেই নগরের বিভিন্ন সড়কে মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় বর্ণিল সাজে সাজানো হয়েছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় বদলে গেছে নগরের চিত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তাঁর সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ।

জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আয়োজকরা। মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।

জুলুসকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের সমাগম নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জশনে জুলুসের মতো বড় ও সংবেদনশীল সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম বড় দায়িত্ব।

তিনি বলেন, জুলুসে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুসে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী তুলে ধরা হচ্ছে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জুলুস ঘিরে পুরো চট্টগ্রাম নগরী এখন উৎসবমুখর হয়ে উঠেছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত