ফারুক আহমদ :
গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ে অবস্থিত সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ৫ থেকে ৬ জনের একটি দল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ডাকাতির মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালিয়ে রমজান ও মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজান আলতাব হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার মিলন মিয়া ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯ নম্বরের একটি ট্রাক, ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬ নম্বরের একটি পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল, ফ্যানসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পরে বুধবার বিকেলে গ্রেপ্তার দুজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।