পুলিশে ১৪ হাজার নিয়োগের সিদ্ধান্ত, এসআই পদে থাকছে না পদোন্নতির কোটা

বাংলাদেশ পুলিশে সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগ নিশ্চিত করতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।

সাধারণত পুলিশ প্রবিধান অনুযায়ী, এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়। তবে এবারই প্রথমবারের মতো এ নিয়মে পরিবর্তন এনে চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৪ হাজার জনবলের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নতুন পদগুলো সৃজন করা হয়েছে।

তিনি জানান, পুলিশ প্রবিধান সংশোধন করে আপাতত একবারের জন্যই চার হাজার এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের একটি বড় অংশের বিরুদ্ধে দলীয় প্রভাবের অভিযোগ, গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়া এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো বিষয় বিবেচনায় নিয়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসআই পদে বিভাগীয় পদোন্নতির সুযোগ বাদ দিয়ে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্তে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে, পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে শূন্যতা পূরণে ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নিয়োগের পর তাঁদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়কাল কিছুটা কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পাশাপাশি কঠোর গোয়েন্দা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সূত্র: প্রথম আলো

Related posts

পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা চালে আফলাটক্সিন, ৯৫০০ টন বিতরণ বন্ধ