Home আজকের মিল্লাত যুদ্ধের মধ্যেই ইরানে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুতের সন্ধান

যুদ্ধের মধ্যেই ইরানে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুতের সন্ধান

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বিশাল একটি প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আবিষ্কৃত নতুন এই খনিতে আনুমানিক ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন আবিষ্কৃত খনির গ্যাসে হাইড্রোজেন সালফাইডসহ অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা তুলনামূলকভাবে কম। ফলে এখান থেকে গ্যাস উত্তোলন সহজ এবং ব্যয়ও কম হবে বলে আশা করা হচ্ছে।

তবে খনিতে থাকা পুরো গ্যাস উত্তোলন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন পাকনেজাদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মধ্যে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলনযোগ্য।

জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেরও বড় মজুত রয়েছে ইরানে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশটির তেল ও গ্যাসশিল্পের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্যাসের দৈনিক উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ইরানের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ২৩০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করা হয়েছে। যুদ্ধ শুরুর আগে দেশটির দৈনিক গ্যাস উৎপাদন ছিল এর তুলনায় অনেক বেশি।

এমন পরিস্থিতিতে নতুন এই গ্যাসের খনির সন্ধান ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহব্যবস্থা যখন চাপের মুখে, তখন নতুন মজুত দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা