সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিজেদের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান ‘গঠনমূলক ভূমিকা’ রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার (১৭ আগস্ট) মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর আল আরাবিয়ার।
বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতি ট্রাম্পের সমর্থনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একসঙ্গে পাকিস্তান নিজেদের দেশ এবং পুরো অঞ্চলের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।’
গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের এই উদ্যোগকে তিনি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
একই সঙ্গে তিন দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প।