দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ করে কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সার আমদানিসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব ঝুঁকি মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে।
এ সময় আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। তিনি বলেন, জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণশিল্পের মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আলজেরিয়া।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।