Home আজকের মিল্লাত দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হলো ৯ দফা সিদ্ধান্ত

দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হলো ৯ দফা সিদ্ধান্ত

A+A-
Reset

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে দর্শনার্থী পাস ইস্যু, ভবনভিত্তিক প্রবেশাধিকার, পার্কিং এবং রাতে অবস্থানের ক্ষেত্রে কঠোরতা আরোপ করে ৯ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা জোরদারকরণবিষয়ক এক উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন। সম্প্রতি সভার অনুমোদিত কার্যবিবরণী থেকে এসব সিদ্ধান্তের বিস্তারিত তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দর্শনার্থী পাস ইস্যুর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দৈনিক সর্বোচ্চ ১০টি পাস ইস্যু করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব ও সচিবরা সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিবরা তিনটি এবং যুগ্মসচিবরা দুটি করে পাস দিতে পারবেন। তবে পাস থাকলেও দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

সচিবালয়ে আগত দর্শনার্থীদের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধনব্যবস্থা চালু করা হবে। এ ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের বিবরণ এবং প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধ করে সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় সঙ্গে কেবল ব্যক্তিগত কর্মকর্তা ও চালককে নিতে পারবেন। প্রবেশের আগে তাঁদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করতে হবে।

সচিবালয়ের নিরাপত্তা কাঠামো উন্নত করতে ১ নম্বর ভবনসহ প্রতিটি ভবনে পৃথক স্বয়ংক্রিয় ‘অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম’ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। এর মাধ্যমে শুধু অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও নির্ধারিত ব্যক্তিরাই সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করতে পারবেন।

কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য দপ্তরে বদলি হলে বদলির আদেশ কার্যকরের সাত দিন পর তাঁর নামে ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সচিবালয় প্রাঙ্গণে যানবাহন প্রবেশ, অবস্থান ও পার্কিংয়ের নিয়ম কঠোরভাবে তদারক করবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ। নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে বিশেষ পার্কিং স্টিকার চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে। অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ের ভেতরে প্রবেশ বা পার্কিং করতে পারবে না।

অন্যদিকে, অফিস সময়ের পর সচিবালয় প্রাঙ্গণে অবস্থানের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাতে কোনো কর্মকর্তা-কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। তবে অতি জরুরি বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে রাতে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অননুমোদিত প্রবেশ ঠেকানো এবং দাপ্তরিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা