যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতায় উল্লেখিত ৬০ দিনের সময়সীমা এখন আর কার্যকর নয় বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা জানিয়েছেন।
বাঘেই বলেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ‘৬০ দিনের সময়সীমা’ নামে কোনো নির্দিষ্ট শর্ত ছিল না। ইরান কোনো ধরনের চাপ, হুমকি কিংবা নির্ধারিত সময়সীমার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না বলেও জানান তিনি।
তিনি বলেন, ওই সমঝোতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণের কথা ছিল। প্রয়োজনে সমঝোতা না হওয়া পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল।
তবে বাঘেইয়ের দাবি, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্তগুলো ব্যাপকভাবে লঙ্ঘন করেছে। এ কারণে দুই দেশের মধ্যে নির্ধারিত আলোচনা শুরুই করা সম্ভব হয়নি। ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি এখন আর কোনো গুরুত্ব বহন করছে না।
ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরান-ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সমঝোতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই