জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্ট তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাদের ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়।