পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রবল বর্ষণের পর বিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রির গিবেসেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আবর্জনার স্তূপটি এতটাই বিশাল যে এটি অনায়াসে একটি বহুতল ভবন চাপা দিতে পারে। ধসে পড়ার ঝুঁকি থাকায় গিনি সরকার সম্প্রতি আবর্জনার স্তূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই ঘোষণার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা।
দুর্ঘটনার পর আবর্জনার স্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। জঞ্জালের বিশাল স্তূপ সরাতে এক্সকাভেটর ব্যবহার করতে হয়েছে।
দুর্ঘটনায় পাঁচ সন্তানকে হারিয়েছেন সিরে দিয়োলো নামের এক নারী। শোকাহত সিরে সাংবাদিকদের বলেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।’
গিনি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগতভাবে দেশটি এখনও বেশ পিছিয়ে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইটের মজুত রয়েছে। পাশাপাশি দেশটির লৌহ আকরিকের মজুতও উল্লেখযোগ্য।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও গিনি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।
সূত্র: রয়টার্স