Home আজকের মিল্লাত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

A+A-
Reset

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—এ আলোচনা তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজ্জাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ ক্ষেত্রে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ফিরতে চান।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনাদের (ভারতের) ওখানে আছেন। তারা শুধু অভিযুক্ত নন, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচারপ্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’

তিনি বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, সেই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে, তিনি আসলে অনেক কিছু। তার সিদ্ধান্তেই অনেক কিছু হচ্ছে।’

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের ইতিবাচকভাবে সম্পৃক্ত হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো আদালতে যাবেন। আদালতে গিয়ে তিনি নিজের পক্ষে বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর আদালতে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।’

ভারত শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করবে, বিষয়টি এমন নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা বলছেন, আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং, দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি বাধা আছে বলেও আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘তার (শেখ হাসিনার) খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন, আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যস, হয়ে গেল। তারপর দেখা যাক, আমরা আসলে কী চাই না চাই।’

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা