Home আজকের মিল্লাত পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার, আলোচনায় সাবেক এমপির পিএস হারুন অর রশিদ

পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার, আলোচনায় সাবেক এমপির পিএস হারুন অর রশিদ

A+A-
Reset

ফারুক আহমদ  :

নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) হারুন অর রশিদ। তিনি সাবেক জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী শাহনাজ বেগমের ভাই। পাশাপাশি তিনি সাংবাদিক বিপ্লব হোসেন ফারুকের ভাই।

রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন— উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় (৪৬), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল (৪৫) এবং বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক হাসান আল আমিন।

পুলিশ সূত্রে জানা যায়, সরকার পতন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর মধ্যে আশিক হাসান আল আমিনকে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয়। তাঁকে পূর্বধলা থানার ২২ আগস্টের মামলা নম্বর ৩০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা।

অন্যদিকে, চন্দন কুমার কুন্ডু রায়, সিরাজুল ইসলাম রুবেল ও হারুন অর রশিদকে রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পূর্বধলা থানার ৬ আগস্টের মামলা নম্বর ১০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার চারজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সাবেক সংসদ সদস্যের পিএস হিসেবে দায়িত্ব পালন করা হারুন অর রশিদের গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা