Home আজকের মিল্লাত এডেনের দিকে এগোচ্ছে হুথি বিদ্রোহীরা, প্রতিরক্ষা জোরদার করছে সরকারি বাহিনী

এডেনের দিকে এগোচ্ছে হুথি বিদ্রোহীরা, প্রতিরক্ষা জোরদার করছে সরকারি বাহিনী

A+A-
Reset

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরীটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল তারা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য হুথি হামলা ঠেকাতে এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনীর সেনারা এডেন শহরের চারপাশে পরিখা খনন করছেন। পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল ও অস্থায়ী দুর্গ নির্মাণ করছেন তারা। তবে হুথি যোদ্ধারা আরও অগ্রসর হলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

এএফপিকে সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, হুথি বিদ্রোহীরা ইতোমধ্যে পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে। এখন তারা এডেনের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে হুথি যোদ্ধারা আল-মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছে অবস্থান করছেন, যা এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে।

ইয়েমেনের মূল রাজধানী সানা দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকেই পরিচালিত হচ্ছে সরকারের প্রশাসনিক ও রাষ্ট্রীয় কার্যক্রম।

দেশটির সবচেয়ে জনবহুল এলাকাগুলোর বড় অংশ বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে, হুথিদের এডেনমুখী অগ্রযাত্রার মুখে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ও এর কাছের একটি বিমানবন্দর থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত প্রয়োজনেই সেনাদের ওই অবস্থান থেকে সরিয়ে অন্যত্র মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে, হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সরকারি বাহিনী যেসব কৌশলগত অবস্থান থেকে সরে গেছে, সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ইতোমধ্যে নিয়েছে হুথি যোদ্ধারা। এতে ইয়েমেনের চলমান সংঘাত নতুন করে আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা