Home আজকের মিল্লাত নিজস্ব প্রযুক্তিতে প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান

নিজস্ব প্রযুক্তিতে প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান

A+A-
Reset

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, ‘আমরা আশা করছি সম্পূর্ণ দেশীয় দক্ষতায় নির্মিত প্রথম ইরানি টোকামাকটি পরিকল্পিত সময়সূচি অনুযায়ী চালু করতে পারব।’

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়নে ইরানি বিজ্ঞানীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ইসলামি প্রকল্পটিকে উন্নত প্রযুক্তির দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষেত্রে ইরানের সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

পরিকল্পিত চুল্লিতে ব্যবহার করা হবে ‘টোকামাক’ প্রযুক্তি। এটি এক ধরনের চৌম্বকীয় ব্যবস্থাপনা, যার মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নির্দিষ্ট স্থানে ধরে রাখা হয়। এর ফলে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। সূর্যসহ অন্যান্য নক্ষত্রে এই প্রক্রিয়ার মাধ্যমেই শক্তি উৎপন্ন হয়।

প্রচলিত পারমাণবিক ফিশন চুল্লিতে ভারী পরমাণুর নিউক্লিয়াস বিভক্ত করে শক্তি উৎপাদন করা হয়। অন্যদিকে, ফিউশন চুল্লিতে হালকা পরমাণুর নিউক্লিয়াস একত্রিত করে শক্তি নির্গত করার চেষ্টা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ফিউশন প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ কম-কার্বনযুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এ প্রযুক্তি এখনো নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। ফলে এটি এখনো বিদ্যুতের বহুল ব্যবহৃত উৎস হয়ে উঠতে পারেনি।

তবে ইরানের পরিকল্পিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা সম্ভাব্য চালুর তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি মোহাম্মদ ইসলামি।

উল্লেখ্য, পারমাণবিক ফিউশন প্রযুক্তি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। টোকামাক চুল্লি নির্মাণের উদ্যোগকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির অগ্রগতি হিসেবে বিবেচনার সুযোগ নেই। এটি মূলত বিজ্ঞান ও জ্বালানিবিষয়ক গবেষণার একটি পৃথক ক্ষেত্র।

সূত্র: গালফ নিউজ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা