ফারুক আহমদ :
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা একত্রিত হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার কয়েকটি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটিও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন করে সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।