সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথক অভিযানে দেশটির আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
বুধবার (১৪ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
জোটের যৌথ বাহিনী কমান্ড এক বিবৃতিতে জানায়, রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আকাশে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
পরে দেওয়া আরেক বিবৃতিতে যৌথ বাহিনী জানায়, একই অঞ্চলে আরও দুটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে রিয়াদের উত্তরাঞ্চলে তিনটি ড্রোন ধ্বংসের কথা জানায় জোট বাহিনী। সব মিলিয়ে মঙ্গলবার পাঁচটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।
সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির আকাশসীমাকে যেকোনো সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: গালফ নিউজ