28
ফারুক আহমদ,(স্টাফ রিপোর্টার):
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার পর টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হলেও পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
এদিকে, ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।