Home আজকের মিল্লাত সৌদির ওপর হামলা পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে: পাক মন্ত্রী

সৌদির ওপর হামলা পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে: পাক মন্ত্রী

A+A-
Reset

সৌদি আরবের ওপর যেকোনো আক্রমণকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের পর আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ বলেন, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী ইউসুফ বলেন, পবিত্র হারামাইন শরিফাইন ও পবিত্র হিজাজের নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র কোনো মুসলমানই সহ্য করবেন না। উমরাহযাত্রীদের লক্ষ্য করে হামলাকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষ পাপমোচনের উদ্দেশ্যে সেখানে যান, কারও সঙ্গে লড়াই করতে নয়।

সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এ ছাড়া গত আগস্টে তুরস্ককে নিয়ে ত্রিদেশীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব চুক্তির আওতায় কোনো মিত্র দেশের ওপর আক্রমণকে যৌথ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আবদুল গফুর হায়দারী, পাক-সৌদি সংহতি পরিষদের পৃষ্ঠপোষক সিনেটর ড. হাফিজ আবদুল করিম এবং জমিয়তে উলামায়ে পাকিস্তানের প্রধান শাহ ওয়াইস নূরানী সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা ও উমরাহযাত্রীদের নিরাপত্তার ওপর আঘাতকে চরম সীমালঙ্ঘন বলে অভিহিত করেন।

সূত্র: আরব নিউজ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা