রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনের ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এতে ভারত ও চীনের মতো দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনটি রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে।
আইনটিতে রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।
তবে ভারতের পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না। আইনটি ট্রাম্প প্রশাসনকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। প্রেসিডেন্ট সেই ক্ষমতা প্রয়োগ করলেই ভারতীয় পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বৈচিত্র্যময় উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি। একই সঙ্গে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয় এবং পারস্পরিক শুল্কের হার ১৮ শতাংশে নামিয়ে আনা হয়।
এদিকে মার্কিন কংগ্রেসে নতুন আইনটি পাস হলেও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, নতুন করে উচ্চহারে শুল্ক আরোপ করা হলে শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।
সূত্র: এনডিটিভি