ফারুক আহমদ, (স্টাফ রিপোর্টার) :
গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর সারদাগঞ্জ ওয়ার্ডের ইব্রাহিম মার্কেট বায়তুল আকসা জামে মসজিদ থেকে উত্তর দিকে আহলে হাদিস মসজিদ পর্যন্ত সড়কের আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের বাস্তবায়নে এবং শহীদুল্লাহ এন্টারপ্রাইজের পরিচালনায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুর সিটিকে পরিকল্পিত ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি বলেন, নগরীর টেকসই পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সহসভাপতি মো. আব্দুল করিম মিঞা এবং স্থানীয় ৪ নম্বর সারদাগঞ্জ ওয়ার্ড বিএনপির নেতা আ. রহিম মাতাব্বর।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।