ইউক্রেনে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে ভারত ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন মোদি।
পুতিনকে ‘আমার বন্ধু’ সম্বোধন করে মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে মানবতা এক ধাপ পিছিয়ে যায়। অন্যদিকে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ পুরো মানবতার জন্য নতুন আশার সৃষ্টি করে।
তিনি বলেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধের অবসান ঘটাতে হবে, শত্রুতা বন্ধ করতে হবে। আমাদের ঠিক এই দিকেই এগোতে হবে।’
ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন রয়েছে উল্লেখ করে মোদি বলেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে ভারত সমর্থন দিয়ে যাবে।
জবাবে পুতিন মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পথেই এগিয়ে যাচ্ছি।’
বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কতটা এগিয়েছে, সে বিষয়ে মোদিকে অবহিত করেছেন পুতিন।
রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ও চীন রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি তেল ক্রেতা। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দেশ দুটি। এতে মস্কোর রাজস্ব আয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের তেল আমদানি।
সূত্র: রয়টার্স