Home আজকের মিল্লাত নেপালের বন্যায় ভেসে ভারতে গেল ৭ মরদেহ

নেপালের বন্যায় ভেসে ভারতে গেল ৭ মরদেহ

A+A-
Reset

নেপালে ভয়াবহ বন্যায় নিহত সাত ব্যক্তির মরদেহ নদীর স্রোতে ভেসে ভারতে গিয়ে পৌঁছেছে। ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত গণ্ডক নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নেপালে এই নদী নারায়ণী নামে পরিচিত।

শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হিন্দির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের সীমান্তবর্তী দুই জেলা মহারাজগঞ্জ ও কুশীনগর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মহারাজগঞ্জ থেকে চারটি এবং কুশীনগর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) সদস্যরা গণ্ডক নদীতে নিয়মিত টহলের সময় পানিতে মরদেহগুলো ভাসতে দেখেন। পরে স্পিডবোটের সাহায্যে সেগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলো সুরতহাল ও ময়নাতদন্তের জন্য স্থানীয় জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহারাজগঞ্জের নিচলাউল তহসিলের মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) সিদ্ধার্থ গুপ্ত এবং কুশীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

তবে কর্মকর্তারা ধারণা করছেন, নদীর প্রবল স্রোতে মরদেহগুলো নেপাল থেকে ভেসে ভারতে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে নেপালের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় হিমবাহধস, পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে দেশটির পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্যোগে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা