রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনকে নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মেগা প্রকল্পের নির্মাণকাজজনিত যানজট নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থা যাতে আবার রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, তা নিশ্চিত করতে আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে চলমান এমআরটি, সড়ক বিভাগ, সেতু কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ বিভিন্ন সংস্থার প্রকল্পে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে।
তিনি জানান, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণ ও পরিকল্পনার কাজ চলছে।
মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে যানজটের অন্যতম কারণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব যানকে নীতিমালার আওতায় আনা হবে। তবে কাউকে হঠাৎ বেকার না করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে গড়ে ওঠা চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে জুমার নামাজ পড়তে এসে ওই এলাকায় এমন কর্মকাণ্ড ঘটতে পারে। পরে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় মতামত নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতিত্বকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের পটভূমির অনেক সদস্য রয়েছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগও বাড়ানো হবে বলে জানান তিনি। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সভায় পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) অধীনে গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠা, ফরেনসিক সায়েন্স এবং ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে মাস্টার্স কোর্স চালু, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।