আগামী শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা যাবে।
সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস।
কোনো কর্মকর্তা-কর্মচারী যদি ওই বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তাহলে তা পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।
ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১০ অক্টোবর (শনিবার) মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী, ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী পালিত হবে।
দুর্গাপূজার মূল দুই দিনের সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে অতিরিক্ত দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।
সূত্র: সরকারি ছুটির তালিকা