ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধী দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বামপন্থি ডেমোক্রেটস পার্টি সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’-এর সঙ্গে জোট গঠনের আলোচনা স্থগিত করেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে।
ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলানের অভিযোগ, আইজেনকটের দল পরিবর্তনশীল সরকার গঠনের পরিবর্তে নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ ও অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা চালাচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় জোট আলোচনা স্থগিতের ঘোষণা দেয় দলটি।
ইয়ার গোলানের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করা জরুরি। তবে বিরোধী জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক ডানপন্থি ইসরাইল বেইতেইনু দলের নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোর বিরোধী।
বামপন্থিদের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাতে লিবারম্যানের দলের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন আইজেনকট।
বুধবার লিবারম্যান বলেছেন, তিনি আশাবাদী, আগামী সপ্তাহের শেষ নাগাদ আইজেনকট সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারবেন। ‘কান’ পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তবে ‘সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা’ বলতে লিবারম্যান কী বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। সম্ভাব্য জোট সরকারে আরব দল রা’আমের সমর্থন বা অংশগ্রহণ তিনি মেনে নেবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমনটি হলে তা হবে এ বিষয়ে তার আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
সাক্ষাৎকারে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির কট্টরপন্থি চেয়ারম্যান লিবারম্যান আইজেনকটের দলের সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির আলোচনারও সমালোচনা করেন। তার মতে, এ পথে এগোনো উচিত নয়।
বুধবার দিনের পরবর্তী সময়ে দল দুটির মধ্যে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এখনো তাদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে বলে জানা গেছে।
লিবারম্যান চান, আইজেনকটের জোট যেন লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন না করে। একই সঙ্গে রা’আম কিংবা আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের মতো দলের বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকার গঠনের পথও এড়িয়ে চলে। বরং অতি-অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুদাইজম দলের সঙ্গে জোট গঠনের পক্ষে তিনি।
—টাইমস অব ইসরাইল