ফারুক আহমদ :
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিভিন্ন স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে দুই মহাসড়কেই যান চলাচল ব্যাহত হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভবানীপুর এলাকায়ও শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
অন্যদিকে গাজীপুর চৌরাস্তার কাছাকাছি পালেরপাড়া এলাকায় একটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ সময় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ছয় সদস্যের একটি পুলিশ দল শ্রমিকদের ঘেরাওয়ের মুখে পড়ে। তাঁদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক ও একাধিক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিভিন্ন স্থানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও অন্য স্থানে গিয়ে তাঁরা আবারও সড়কে অবস্থান নেন। ফলে মহাসড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়ে।
এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
শিল্পাঞ্চলের একাধিক স্থানে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।