লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলায় একটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং সাময়িকভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলেও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কেউ হামলার দায় স্বীকার করেনি। রোববার (২২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো রোববার রাতে আল জাজিরাকে জানায়, ভোরে চালানো ওই হামলায় অজ্ঞাতসংখ্যক লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। জাহাজটি একটি নৌঘাঁটির কাছে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ছিল। সূত্রগুলোর দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো জানায়, তারা তিনটি ড্রোনকে জাহাজটিতে হামলা চালাতে দেখেছেন।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, তাদের পাওয়া ছবিতে জাহাজটিকে রুশ নৌবাহিনীর একটি কর্ভেট বা ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। রোববারের তোলা ছবিতে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল।
এ ছাড়া জাহাজটির ওপরের অংশ থেকে ধোঁয়া উঠতে এবং জেটির আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। বেনগাজিভিত্তিক প্রশাসন এর আগে জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে ভিড়েছিল।
এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রোববার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে পৃথক আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে সামুদ্রিক ড্রোন আঘাত হানে।
বেনগাজিভিত্তিক প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেনগাজি উপকূলে বিস্ফোরকবোঝাই সামুদ্রিক ড্রোনের হামলায় বাণিজ্যিক জাহাজটির আহত সব ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় শহরটির উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
সূত্র: আল জাজিরা