২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বে মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও ১২০ কোটি বাড়তে পারে, যা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহারের কথা উল্লেখ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১, যা অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি। অন্যদিকে, খ্রিষ্টান নারীদের গড় সন্তানসংখ্যা ২ দশমিক ৫।
পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে ৭৯ কোটি ২০ লাখ। এ প্রবণতা অব্যাহত থাকলে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অঞ্চলভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এ ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।
তবে পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এসব পূর্বাভাস ভবিষ্যতের সব সম্ভাব্য পরিবর্তন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়নি। আর্থসামাজিক পরিস্থিতি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে জনসংখ্যার আকার ও মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আসতে পারে।