যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও একজন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, শহরের ‘প্যান্ডোরা’স ম্যাজিকাল ইভেন্টস’ নামের একটি অনুষ্ঠানের ভেন্যুতে বেবি শাওয়ার চলাকালে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোরী ও দুই প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। এ ছাড়া গুলিতে আরও একজনের পায়ে আঘাত লাগে।
পুলিশের এই মুখপাত্র আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে। তবে গোলাগুলির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।