যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে দলটি। ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর স্পিকার নির্বাচনে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে দলের ভেতরে তাঁর নেতৃত্ব নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। বিশেষ করে প্রগতিশীল ধারার কয়েকজন নবনির্বাচিত আইনপ্রণেতা জেফরিসের প্রতি পূর্ণ সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁদের দাবি, স্বাস্থ্যসেবা, অভিবাসন নীতি, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং গাজা ইস্যুতে দলের নেতৃত্বকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে।

ওহাইও থেকে নির্বাচিত ডন লিওনার্ডসহ কয়েকজন আইনপ্রণেতা ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ এবং নির্বাচনী অর্থায়নব্যবস্থায় সংস্কারের মতো বিষয়ে জেফরিসের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চেয়েছেন।

তবে দলের অধিকাংশ সদস্যের সমর্থন পেয়েছেন জেফরিস। মনোনয়ন পাওয়ার পর তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় ডেমোক্র্যাটদের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জেফরিস। ২০২৩ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে দলটির নেতৃত্ব গ্রহণ করেন তিনি।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা। সেদিন প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার গৌরব অর্জন করবেন জেফরিস। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবেন তিনি।

সূত্র: আলজাজিরা

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি