‘অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসায় পাঠিয়ে দেব’: দিলীপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাদের থাকতে অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেওয়া তাঁর এমন মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে বুধবার সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’

অর্থাৎ পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ বা গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।

দিলীপ ঘোষের অভিযোগ, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। সেই সম্ভাবনা নির্মূল করতে বিজেপি সরকার রাজ্যটিকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’

শুধু এনকাউন্টার নয়, প্রয়োজনে অপরাধ দমনে বুলডোজারও চালানো হবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তাঁর মতে, যাদের কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারাই অপরাধীদের সঙ্গে আপস করেন। তবে বর্তমান সরকার অপরাধ দমনে কোনো আপস করবে না।

বিশেষ করে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে।

দিলীপ ঘোষ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে, তা আর বরদাশত করা হবে না। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না।

অন্যদিকে, পঞ্চায়েতমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। তাদের মতে, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে দেশের বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, কোনো এনকাউন্টার বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকে সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এ মন্তব্য পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয় নিয়ে বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছিল। সে সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ আখ্যা দিয়ে প্রচার চালায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আঞ্চলিক আবেগকে কাজে লাগিয়ে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমিয়ে ১২-তে নামিয়ে আনে তৃণমূল।

এরপর বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের অধিকাংশই মুসলিম বলে দাবি করা হয়েছে। এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি।

নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যেই উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন দিলীপ ঘোষ।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি