Home আজকের মিল্লাত সৌদি আরবের কিছু এলাকা হুথিদের দখলে, দাবি টাকার কার্লসনের

সৌদি আরবের কিছু এলাকা হুথিদের দখলে, দাবি টাকার কার্লসনের

A+A-
Reset

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু এলাকা দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠেছে। তারা সৌদি আরবের একটি অংশ দখলে রেখেছে। বিষয়টি মার্কিন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।

কার্লসনের ভাষ্য, বর্তমানে সৌদি ভূখণ্ডে হুথি বাহিনীর উপস্থিতি রয়েছে। তবে সৌদি আরবের কোন এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে কিংবা এ তথ্যের উৎস কী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, কার্লসন প্রায়ই পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। পডকাস্টেও কার্লসন দাবি করেন, চলতি সপ্তাহে উপসাগরীয় নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত কার্লসন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু বলে মনে করেন। ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছিল, হুথিরা সৌদি আরবে অভিযান চালিয়েছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী, গত অক্টোবরে এসব হামলা চালানো হয়। তবে হামলার পর হুথিরা সৌদি ভূখণ্ডের কোনো অংশ দখলে রেখেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সীমান্ত অঞ্চল দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমিতে ঘেরা। নিরাপত্তাজনিত কারণে সেখানে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। অতীতের যুদ্ধের পর সীমান্তবর্তী অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়ে।

বর্তমানে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত দেশটির অভ্যন্তরে কেন্দ্রীভূত রয়েছে। হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐতিহাসিকভাবে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের ভূখণ্ডগত বিরোধ রয়েছে। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন আসির, জাজান ও নাজরান—এই তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবের কাছে ছেড়ে দেয়। তবে হুথিরা দীর্ঘদিন ধরে এসব অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে।

ইয়েমেনের সাদা প্রদেশ থেকে উদ্ভূত হুথি গোষ্ঠীটি শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী। সংগঠনটির নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতারা নিজেদের হাশেমি বংশোদ্ভূত বলে দাবি করেন।

হুথিদের সামরিক সক্ষমতা ও পেছনের সমর্থন নিয়েও প্রশ্ন তুলেছেন কার্লসন। তার মতে, ইরানের ব্যাপক প্রভাব থাকলেও এই গোষ্ঠীকে সহায়তা করার পেছনে অন্য শক্তিও থাকতে পারে। তিনি বলেন, সৌদি আরবকে দুর্বল দেখতে চায়—এমন পক্ষগুলোও হুথিদের সহায়তা করতে পারে।

এ প্রসঙ্গে গত অক্টোবরে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে গোপনে হুথিদের সহায়তা করছিল। তবে কার্লসন এ বিষয়ে নির্দিষ্ট কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা