জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস, এমনকি কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেবা নিতে গিয়ে নাগরিকদের যেন আর হয়রানির শিকার হতে না হয়। দায় চাপানোর প্রবণতা বন্ধ করে মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্রের ভিত্তিতে দ্রুত সেবা দিতে হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এনআইডি সেবায় নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে সেগুলোর সমাধান করতে হবে। সাধারণ মানুষের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা কার্যক্রম সহজ করতে হবে। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা বিবেচনায় রাখতে হবে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, প্রতিদিন ডাক সই করার সময় এনআইডি-সংক্রান্ত অন্তত ছয়-সাতটি আবেদন দেখতে পান তিনি। এসব আবেদনের মধ্যে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর প্রকাশিত হলেও তিনি অস্বস্তি বোধ করেন।
আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে। প্রয়োজনে আবেদনকারীকে মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারেন।
সিইসি বলেন, একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব না পাওয়া কিংবা আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে না পারার পরিস্থিতি চলতে পারে না। নাগরিকদের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে।
এনআইডি-সংক্রান্ত জটিলতায় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, কখনো জন্মনিবন্ধন, কখনো শিক্ষাগত সনদে ত্রুটির কথা বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এভাবে ব্লেম গেম করে মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়। সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, এনআইডি শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় অনেক সময় মৃত্যুর তথ্য জানাতে চান না। এ ধরনের বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর সমাধান বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে সিইসি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলেও শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করার নির্দেশনা দিলেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড করার পদ্ধতি বোঝেন না। তাই তাদের কাছে প্রয়োজনীয় কার্ড বা কাগজপত্র পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা করতে হবে।
নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
বক্তব্যের শেষে এনআইডি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ চান প্রধান নির্বাচন কমিশনার। একই সঙ্গে এনআইডিকেন্দ্রিক সব ধরনের দুর্নীতি ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।