পরিবারকে নিয়ে অপপ্রচারের জবাব দিতেই আত্মজীবনী লিখেছেন সোনিয়া গান্ধী

পরিবারকে নিয়ে ছড়ানো ‘কাল্পনিক গল্প’ ও অপপ্রচারের জবাব দিতেই আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোমবার (১৬ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) উন্মোচন করেন সোনিয়া গান্ধী। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটি এক সপ্তাহেরও কম সময়ে দুই লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বই প্রকাশনা অনুষ্ঠানে রাজ্যসভার এই সংসদ সদস্য বলেন, তার পরিবার, শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে এবং তাকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের কথা ছড়ানো হয়েছে, যার বেশিরভাগই কাল্পনিক। এসব গল্পের সঙ্গে তাদের বাস্তব জীবনের কোনো মিল নেই।

সোনিয়া বলেন, ‘আমার পরিবারকে নিয়ে এমন অনেক গল্প ও অসত্য ছড়ানো হয়েছে, যা সত্যের ধারেকাছেও নেই। এসব ক্ষতিকর কথার জবাব দিতেই আমি নিজের অনুভূতি এবং পরিবার সম্পর্কে জানা সত্যগুলো প্রকাশ করার কথা ভেবেছি। আশা করেছি, মানুষও আমার গল্প শুনতে আগ্রহী হবে।’

বইয়ের নামকরণের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একজন বহিরাগত হিসেবে অন্যের সমাজে নিজেকে মানিয়ে নেওয়া এবং গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে এক ধরনের মানসিক চাপ কাজ করে। নিজের শিকড় খুঁজে পাওয়া এবং একটি পরিবারের অংশ হয়ে ওঠার অভিজ্ঞতা থেকেই বইটির নাম ‘বিলঙ্গিং’ রাখা হয়েছে।

ভারতীয় নারীদের বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের তুলনা করে সোনিয়া বলেন, ভিন্ন সংস্কৃতি ও সামাজিক পরিবেশ থেকে আসার কারণে তার জন্য বিষয়টি আরও কঠিন ছিল। তবে ভারতের অনেক মেয়েকেও বিয়ের পর নতুন পরিবারের রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হয়।

পাঠকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া প্রসঙ্গে সোনিয়া জানান, মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি অভিভূত। কিছু সমালোচনা ক্ষতিকর হলেও অনেকের প্রতিক্রিয়ায় আন্তরিকতা ছিল।

অনুষ্ঠানে সোনিয়ার সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ডি কে শিবকুমার এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আত্মজীবনীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার বিষয়টিও তুলে ধরেছেন সোনিয়া। পাশাপাশি কেমব্রিজে এক বন্ধুর মাধ্যমে প্রয়াত স্বামী রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়ের স্মৃতিও তুলে ধরেছেন তিনি।

সোনিয়া জানান, তার বাবা ছিলেন বেশ কঠোর স্বভাবের। রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে শেষ পর্যন্ত না হলে দেশে ফিরে আসার জন্য বাবা তাকে একটি ফিরতি টিকিটও দিয়েছিলেন। তবে তিনি বলেন, ‘অবশ্যই আমি আর কখনো ফিরে যাইনি। যদিও পরে গিয়েছিলাম, তবে তখন নয়।’

সূত্র: এনডিটিভি

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি